রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবারের ব্যবহার বছরে প্রায় ১১ লাখ কর্মঘণ্টা সাশ্রয় করছে, যা ৯৪ কোটি টাকার সমান। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান পাবলিক ফার্স্ট পরিচালিত এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।
আজ মঙ্গলবার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রকাশিত হয় উবার ইকোনমিক ইমপ্যাক্ট রিপোর্ট বাংলাদেশ-২০২৪। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক এবং বিআরটিএ চেয়ারম্যান মো. ইয়াসীন।

গবেষণায় উঠে এসেছে, উবার ব্যবহারকারীদের ৮২% অফিসে যাতায়াতের জন্য উবার ব্যবহার করেন। এর ফলে বছরে ১১ লাখ কর্মঘণ্টা সাশ্রয় হয়। উবার চালকেরা অন্যান্য কর্মসংস্থানের তুলনায় ৪২% বেশি আয় করছেন।
২০২৩ সালে উবার বাংলাদেশের পর্যটন শিল্পে ২৯০ কোটি টাকা অবদান রেখেছে এবং ২০২৪ সালে ২১ লাখ ৪০ হাজার কর্মসংস্থান সৃষ্টি করেছে। উবারের মাধ্যমে যাত্রীরা ২০২৪ সালে ৬৬,৯০০ কোটি টাকার সুবিধা পেয়েছেন।
গবেষণায় আরও উল্লেখ করা হয়,
- ৫০% চালকের কাজের সুযোগ বেড়েছে।
- ৭৬% চালকের জন্য উবার প্রথম আয়ের প্ল্যাটফর্ম।
- ৯৫% নারী যাত্রী উবারকে নিরাপদ বাহন মনে করেন।
- ৮৯% যাত্রী উবারকে রাতে বাড়ি ফেরার সবচেয়ে নিরাপদ মাধ্যম বলে মনে করেন।
বিআরটিএ চেয়ারম্যানের প্রতিক্রিয়া
অনুষ্ঠানে বিআরটিএ চেয়ারম্যান জানান, উবারের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও অনেক চালক অ্যাপ বন্ধ রেখে যাত্রী পরিবহন করছেন। এজন্য উবার কর্তৃপক্ষকে ড্রাইভারদের নিয়ম মানতে বাধ্য করার নির্দেশ দেন তিনি।
এছাড়া, উবারের ভাড়া নির্ধারণে অনিয়মের বিষয়ে পরবর্তী সময়ে আলাদা বৈঠকের আয়োজন করতে বলা হয়েছে।