ওমানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চট্টগ্রামের চন্দনাইশের বাসিন্দা প্রবাসী জসিম উদ্দিন দীর্ঘ আইনি লড়াইয়ের পর ৮০ হাজার ওমানি রিয়াল, অর্থাৎ প্রায় আড়াই কোটি টাকা ক্ষতিপূরণ পেয়েছেন।
২০২১ সালে করোনাভাইরাস মহামারির সময় ওমানের রাজধানী মাস্কাটের রুই এলাকায় সুলতান কাবুস মসজিদের সামনে এক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন তিনি। প্রায় তিন মাস ওমানে চিকিৎসা নেওয়ার পর তিনি দেশে ফিরে যান।
প্রথমদিকে স্থানীয় একটি পক্ষের মাধ্যমে মামলা করলেও কোনো প্রতিকার পাননি জসিম উদ্দিন। পরে দেড় বছর পর তার স্বজনরা ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চান। দূতাবাসের আইনজীবীর মাধ্যমে নতুন করে মামলা হলে দুই বছর দীর্ঘ আইনি লড়াই শেষে তিনি ক্ষতিপূরণ পান।
রোববার (১৬ মার্চ) ওমানের বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত খন্দকার মিজবাহ উল আজীম জসিম উদ্দিনের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করেন।
এ সময় দূতাবাসের শ্রম কাউন্সিলর রাফিউল ইসলাম প্রবাসীদের যেকোনো দুর্ঘটনা বা আইনি সমস্যায় দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। পরে রাষ্ট্রদূত ওমানে বসবাসরত বাংলাদেশি গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।