সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজিব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে সংশ্লিষ্ট ৩১টি ব্যাংক হিসাবের মোট ৩৯৪ কোটি ৬০ লাখ টাকা ফ্রিজ (অবরুদ্ধ) করার নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৮ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক ও এ সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান কর্মকর্তা মনিরুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন।
দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, শেখ হাসিনা, শেখ রেহানা, সজিব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের স্বার্থ সংশ্লিষ্ট ৩১টি ব্যাংক হিসাবের ৩৯৪ কোটি ৬০ লাখ ৭৩ হাজার টাকা অবরুদ্ধ করা হয়েছে।
আদালতে দুদকের আবেদনে উল্লেখ করা হয়, এসব ব্যাংক হিসাব থেকে অর্থ অন্যত্র হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করা হচ্ছে। অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে এই অর্থ অবিলম্বে অবরুদ্ধ করা জরুরি। অনুসন্ধান সম্পন্ন না হওয়া পর্যন্ত এসব সম্পদ অন্যত্র হস্তান্তর বা মালিকানা পরিবর্তন করা যাবে না।
এর আগে, গত ১১ মার্চ শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ১২৪টি ব্যাংক হিসাব ফ্রিজ এবং ধানমন্ডির বাসভবন ‘সুধাসদন’সহ বিভিন্ন সম্পত্তি ক্রোকের আদেশ দেন একই আদালত। একইসঙ্গে শেখ হাসিনাসহ তার পরিবারের সাতজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়।