পারাবারের ঐতিহ্যবাহী ‘ইফতার মাহফিল-২৫’ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গতকাল (২১ মার্চ)। সহকারী পরিচালক হাফিজুল্লাহ জোবায়েরের সঞ্চালনায় এই আয়োজনে উদ্বোধনী ঘোষণা দেন পারাবারের পরিচালক এম. নুরুল আলম।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পারাবারের সম্মানিত চেয়ারম্যান ইব্রাহীম হোসেন রনি। তিনি সংস্কৃতিকে জাতির অভ্যন্তরীণ পরিবর্তনের প্রধান হাতিয়ার হিসেবে উল্লেখ করে অভিভাবক ও শিল্পীদের বাস্তব জীবনে সংস্কৃতিবান হওয়ার আহ্বান জানান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গীতিকার ও সুরকার অধ্যক্ষ চৌধুরী আবদুল হালিম। তাঁর তথ্যসমৃদ্ধ বক্তব্য সাংস্কৃতিক কর্মীদের পথচলার পাথেয় হয়ে ওঠে। তিনি সাংস্কৃতিক কর্মীদের দায়িত্বের বাইরে গিয়ে সংস্কৃতিকে জীবন-দর্শন হিসেবে গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারাবার ও সাইমুম শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক এবং সসাসের সাবেক সহকারী নির্বাহী পরিচালক মুহাম্মদ ইকবাল হাসান। তিনি পারাবারের ঐতিহ্য ও সাফল্যের কথা স্মরণ করিয়ে দিয়ে শিল্পী ও অভিভাবকদের কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যৎ আয়োজনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পারাবারের সাবেক পরিচালক, সুরকার ও শিল্পী শাহেদুল করিম খান, বিশিষ্ট গীতিকার তানভীর হাসান শিবলীসহ অন্যান্য সাবেক দায়িত্বশীল ও সুধীবৃন্দ।
পুরো অনুষ্ঠান মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় মুখর ছিল, যা উপস্থিত সবাইকে এক ভিন্নমাত্রার অভিজ্ঞতা উপহার দেয়।