সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের অংশগ্রহণে যৌথ মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ আজ (১৮ সেপ্টেম্বর, ২০২৫) সফলভাবে সমাপ্ত হয়েছে। মহড়ার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক-এ।

সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, ওএসপি, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি বক্তব্য রাখেন এবং দুই দেশের অংশগ্রহণকারীদের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের দূতাবাসের প্রতিনিধি, যুক্তরাষ্ট্র প্যাসিফিক এয়ার ফোর্সের জ্যেষ্ঠ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ, মহড়ায় অংশগ্রহণকারী বাংলাদেশি বিমান বাহিনী কর্মকর্তাবৃন্দ এবং তিন বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মহড়া ১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকে শুরু হয়। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্স প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে প্রশিক্ষণমূলক অনুশীলন পরিচালনা করে থাকে। এই মহড়ার মূল উদ্দেশ্য ছিল আপদকালীন এবং প্রতিকূল পরিস্থিতিতে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার ও পরিবহন বিমানগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা।

মহড়ায় অংশগ্রহণ করে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান, একটি এমআই-১৭ হেলিকপ্টার, এবং যুক্তরাষ্ট্র প্যাসিফিক এয়ারফোর্সের দুটি সি-১৩০জে পরিবহন বিমান। এছাড়াও, বাংলাদেশ বিমান বাহিনীর ১৫০ জন সদস্য এবং ইউএস প্যাসিফিক এয়ারফোর্সের ৯২ জন সদস্য এতে অংশ নেন। মহড়ায় বাংলাদেশের সেনাবাহিনী এবং নৌবাহিনীর সদস্যরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

মহড়া সফলভাবে সম্পন্ন হওয়ায় দুই দেশের সামরিক সহযোগিতা আরও শক্তিশালী হয়েছে।