ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ পরিবারের জন্য সরকারি বরাদ্দ চার হাজার ৬২৫টি ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কার্ড ঈশ্বরদী পৌরসভায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে ঈশ্বরদী পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠক শেষে দুই দলের নেতাদের মধ্যে এসব কার্ড ভাগ করে দেওয়া হয়।
মেয়র বা কাউন্সিলর না থাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের মধ্যে কার্ড ভাগ করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক আরিফুর রহমান।
খোঁজ নিয়ে জানা যায়, মোট চার হাজার ৬২৫টি কার্ডের মধ্যে উপজেলার বিভিন্ন এলাকার দুস্থ পরিবারের জন্য ৬২৫টি কার্ড সংরক্ষণ রাখা হয়। বাকি চার হাজার কার্ড বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের মধ্যে ভাগাভাগি করে দেওয়া হয়। এর মধ্যে বিএনপির জন্য দুই হাজার, জামায়াতে ইসলামীর জন্য এক হাজার ২০০ এবং বিএনপির বিদ্রোহী গ্রুপের নেতাদের জন্য ৮০০টি কার্ড নির্ধারণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান বাবলু, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম আজম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জনি, ঈশ্বরদী থানার ওসি মমিনুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহসান, শিল্প ও বণিক সমিতির সভাপতি নান্নু রহমান এবং ঈশ্বরদী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।
এ বিষয়ে ইউএনও আরিফুর রহমান বলেন, সাধারণত মেয়র ও কাউন্সিলরদের মাধ্যমে ওয়ার্ডভিত্তিক দুস্থ পরিবারের মধ্যে এসব ভিজিএফ কার্ড বিতরণ করা হয়। তবে বর্তমানে পৌরসভায় মেয়র বা কাউন্সিলর না থাকায় প্রশাসনের পক্ষ থেকে ঝামেলা এড়াতে বিএনপি ও জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের ডেকে তাদের মধ্যে কার্ড ভাগ করে দেওয়া হয়েছে। তারা নিজ নিজ এলাকায় দুস্থদের মধ্যে এগুলো বিতরণ করবেন বলে জানান তিনি।