নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামের পতেঙ্গায় গভীর সমুদ্রে পুলিশ ও কোস্ট গার্ডের এক সফল যৌথ অভিযানে ৫৫০ বস্তা ডায়মন্ড সিমেন্টসহ ৪ জন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় চোরাই কাজে ব্যবহৃত ২টি বোটও জব্দ করা হয়।
মঙ্গলবার (৭ এপ্রিল) পতেঙ্গা থানাধীন সি-বিচ সংলগ্ন গভীর সমুদ্র বন্দরের আনুমানিক ৫ নটিক্যাল মাইল দূরে (আলফা এরিয়া) এই অভিযান পরিচালিত হয়। একটি সন্দেহভাজন বোট গভীর সমুদ্র এলাকা অতিক্রম করার সময় যৌথ বাহিনী সেটিকে চ্যালেঞ্জ করে। পরে তল্লাশি চালিয়ে অবৈধভাবে পাচার হওয়া ৫৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ জামাল উদ্দিন (৬০), আব্দুল মালেক (৫০), মোহাম্মদ জাফর (৪০) ও মোহাম্মদ এনাম (৩২)।
ধৃত আসামীদের বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের (The Special Powers Act-1974) ২৫বি/২৫ডি ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১০, তারিখ-০৮/০৪/২০২৬ইং)। আইনি প্রক্রিয়া শেষে বুধবার তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
প্রশাসন জানায়, সমুদ্রপথে যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ পণ্য সরবরাহ রোধে পুলিশ ও কোস্ট গার্ডের এ ধরনের কঠোর নজরদারি এবং যৌথ অভিযান অব্যাহত থাকবে।