সাতকানিয়া থানাধীন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাজালিয়া হেদায়াতুল ইসলাম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-পরবর্তী তৈরি করা কয়েকটি টিকটক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক সমালোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
একটি দ্বীনি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এমন আচরণে সাধারণ মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হওয়ায় গতকাল ১৯ এপ্রিল ২০২৬ (রবিবার) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণের পক্ষ থেকে মাদ্রাসার অধ্যক্ষের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ, ভবিষ্যতে এ ধরনের পুনরাবৃত্তি রোধে কার্যকর নীতিমালা প্রণয়ন এবং শিক্ষার্থীদের মাঝে ইসলামী মূল্যবোধ ও নৈতিকতা জোরদারে শিক্ষক-অভিভাবক সমন্বয়ে সচেতনতামূলক উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়েছে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশিবিরের মাদ্রাসা কার্যক্রম সম্পাদক শরীফুল ইসলাম, জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক হাবিবুল্লাহ ফয়সাল এবং সাতকানিয়া উত্তর থানা সভাপতি মনজুর মৌলা কায়েস।
স্মারকলিপি গ্রহণকালে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম জানান, বিষয়টি ইতোমধ্যেই তাদের নজরে এসেছে এবং কয়েকজন শিক্ষার্থীর অভিভাবককে এ বিষয়ে অবহিত করা হয়েছে; পাশাপাশি শীঘ্রই গভর্নিং বডির সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন। সংশ্লিষ্ট সকল পক্ষ আশা প্রকাশ করছেন যে, দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম ও দ্বীনি পরিবেশ পুনরুদ্ধার করা সম্ভব হবে।