প্রকৃতির সান্নিধ্যে আর রোদ্দুরের উজ্জ্বলতায় এক অনন্য সংগীতের মূর্ছনায় মেতেছিল চট্টগ্রামের নান্দনিক সিআরবি চত্বর। চট্টগ্রামের সুস্থ ও মননশীল সাংস্কৃতিক চর্চার অগ্রণী সংগঠন পারাবার সাহিত্য সংস্কৃতি সংসদ-এর উদ্যোগে আয়োজিত হলো এক ব্যতিক্রমধর্মী আউটডোর সংগীত প্রশিক্ষণ ক্লাস।
গত শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) সকালে নগরীর ‘ফুসফুস’ খ্যাত সিআরবি শিরিষতলায় এই ক্লাসের আয়োজন করা হয়। দীর্ঘ ২২ বছর ধরে গান, আবৃত্তি ও অভিনয়ের মাধ্যমে সৃজনশীল সমাজ বিনির্মাণে কাজ করে যাওয়া পারাবার-এর এই নিয়মিত কার্যক্রমের অংশ ছিল এই উন্মুক্ত পাঠ।

সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া এই ক্লাসে শিক্ষার্থীরা চার দেয়ালের আবদ্ধ পরিবেশ ছেড়ে গাছগাছালির ছায়া আর খোলা আকাশের নিচে সুরের সাধনা করে। এই ব্যতিক্রমী অভিজ্ঞতা শিক্ষার্থীদের মাঝে নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করে।
উক্ত আউটডোর ক্লাসটি পরিচালনা করেন পারাবারের পরিচালক ইরফান মাহমুদ। এতে শিক্ষার্থীদের সংগীতের গভীর ও সূক্ষ্ম দিকগুলো নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রখ্যাত সঙ্গীত চিন্তক ড. আব্দুল হালীম চৌধুরী। প্রশিক্ষণকালে তিনি সংগীতের স্বর, তাল, লয় এবং পরিবেশনার বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা ও অনুশীলন করান।