চট্টগ্রামের মিরসরাই ইকোনমিক জোনে নির্মাণাধীন একটি কারখানায় চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় টানা ৩২ ঘণ্টার ঝটিকা অভিযান চালিয়ে সাত ডাকাতকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা-পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট ২০২৬) তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত প্রায় ২৫০ মিটার মূল্যবান বৈদ্যুতিক তার উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— মেহেদী হাসান (২৩), মো. রাকিব (২১), সুজাউল হক প্রকাশ সুজা উল্লাহ (২৪), এমদাদুল হক প্রকাশ এমরান (২৮), মিজান উদ্দিন (৩২), মো. সাখাওয়াত হোসেন প্রকাশ নাহিদ (২৪) ও ইউসুফ (২৬)। গ্রেপ্তারকৃত সবার বাড়ি জোরারগঞ্জ থানার বিভিন্ন এলাকায়।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট রাত ২টা থেকে পৌনে ৩টার মধ্যে মিরসরাই ইকোনমিক জোনের ‘বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড’-এর নির্মাণাধীন কারখানায় ১০ থেকে ১৫ জনের একটি অস্ত্রধারী সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করে। তারা কারখানার নিরাপত্তাকর্মীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি ও ভয়ভীতি দেখিয়ে তিনটি মুঠোফোন এবং প্রায় ২৫০ মিটার বৈদ্যুতিক তারসহ মূল্যবান মালামাল লুট করে চম্পট দেয়।
এ ঘটনায় জোরারগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হলে জোরারগঞ্জ থানা-পুলিশের একটি চৌকস দল ইকোনমিক জোন ও এর আশপাশের এলাকায় নিবিড় গোয়েন্দা তৎপরতা ও ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ ঘটনায় জড়িত ডাকাত দলের অন্য পলাতক সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।