বাংলাদেশ

শহীদ সেনাসদস্যের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ডিফেন্স ডিউটি পালনের সময় শহীদ হওয়া দুই সেনাসদস্যের পরিবারের সদস্যদের সার্বিক দায়িত্ব নিয়েছে সরকার ও বাংলাদেশ সেনাবাহিনী। শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক হস্তান্তরের পাশাপাশি তাঁদের স্থায়ী ঠিকানায় একটি করে বসতবাড়ি নির্মাণ, স্বামীদের স্থলে স্ত্রীদের চাকরি প্রদান এবং সন্তানদে জন্য মাসিক ভাতা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) সকালে তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শহীদ সেনাসদস্যদের স্বজনেরা সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী নিজে তাঁদের হাতে এই অনুদানের চেক তুলে দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকালে দেশের জন্য প্রাণ বিসর্জন দেওয়া দুই সেনাসদস্যের বীরত্ব ও আত্মত্যাগের কথা স্মরণ করে গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী। শোকসন্তপ্ত পরিবারের উদ্দেশ্যে তারেক রহমান বলেন,

“দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সেনাসদস্যরা প্রাণ দিয়েছেন। তাঁরা দেশের বীর শহীদ, যাঁদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। এই কঠিন শোকের সময়ে সরকার ও সেনাবাহিনী আপনাদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও সকল প্রয়োজন ও দেখভালে সরকার তার দায়িত্ব পালন করে যাবে।”

অনুষ্ঠানে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বীর শহীদদের পরিবারের সুবিধার্থে তাঁদের নিজ নিজ স্থায়ী ঠিকানায় একটি করে আধুনিক পাকা বাড়ি তৈরি করে দেবে সেনাবাহিনী। এর পাশাপাশি শহীদ সৈনিকদের স্ত্রীদের উপযুক্ত চাকরির ব্যবস্থা এবং তাঁদের নাবালিকা সন্তানদের পড়াশোনা ও জীবিকার জন্য নিয়মিত মাসিক ভাতা প্রদান করা হবে।

ছবি: পিএমও

সাক্ষাৎ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরীর সন্নিকটে হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিং অনুশীলনের সময় আকস্মিক গোলা বিস্ফোরণে দুই সেনাসদস্য—সৈনিক (অপারেটর) আবু বকর সিদ্দিক এবং সৈনিক (গানার) মো. তাসনিম রিফায়াত শহীদ হন। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎকালে শহীদ আবু বকর সিদ্দিকের স্ত্রী সুরাইয়া আক্তার জুতি, শিশুকন্যা ফাতেমা সিদ্দিকা, পিতা-মাতা এবং শহীদ তাসনিম রিফায়াতের স্ত্রী মোসা. ফাহমিদা আফরিন, শিশুকন্যা রাফসা তাসনিম ইফরা ও তাঁর পিতা উপস্থিত ছিলেন।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com