বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করলে তা পলাতক ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করবে। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শিক্ষক সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য রাখেন তিনি।
তিনি বলেন, “নির্বাচন জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার অন্যতম প্রধান হাতিয়ার। বিতর্ক সৃষ্টির মাধ্যমে অযথা বিভ্রান্তি সৃষ্টি করে নিজেদের ক্ষতি করা উচিত নয়।”
তারেক রহমান বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন,
“আপনারা সজাগ থাকুন যাতে কোনো ষড়যন্ত্র বা বিভ্রান্তি ছড়ানোর সুযোগ না থাকে। জনগণই আমাদের শক্তি, তাদের সমর্থন আমাদের অপরাজেয় করবে।”
তরুণদের উদ্যোগকে স্বাগত
তিনি তরুণদের নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এটি ইতিবাচক যে তরুণরা রাজনীতিতে আগ্রহী হয়ে উঠেছে। তবে দল গঠনের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা গুরুত্বপূর্ণ।”
দ্রব্যমূল্য ও সিন্ডিকেটের দৌরাত্ম্য
তারেক রহমান দেশের চলমান অর্থনৈতিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “বাজার সিন্ডিকেট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ভ্যাটের বোঝা দেশের মানুষের জীবনে কষ্ট বাড়াচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এই বিষয়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া।”
বিএনপির লক্ষ্য
তিনি বলেন, “বিএনপি গণতন্ত্র, সংস্কার এবং একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের দুঃখ-দুর্দশা লাঘব এবং রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য।”
বিবেকবান রাজনৈতিক মনোভাবের আহ্বান
তারেক রহমান শিক্ষক, বুদ্ধিজীবী এবং সাংবাদিকদের গণতন্ত্র বিকাশে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, “গণতন্ত্র কেবল নীতি-নির্ধারণে নয়, বরং প্রতিদিনের কার্যক্রমে প্রতিফলিত হয়। আমাদের উদ্দেশ্য একটাই—একটি উদার, মানবিক, এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়া।”
জাতীয় শিক্ষক দিবস এবং বাংলাদেশ শিক্ষক সমিতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জাতীয় সম্মেলন উপলক্ষ্যে এ শিক্ষক সমাবেশ হয়। সারা দেশ থেকে আসা কয়েক হাজার শিক্ষক এই সমাবেশে অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর সন্ধ্যায় সংগঠনটির জাতীয় সম্মেলন হয়।
শিক্ষকদের প্রাপ্য অধিকার বাস্তবায়নে বিএনপির ইতিবাচক ভূমিকা থাকবে জানিয়ে তারেক রহমান তার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, জনগণের ভোটে ক্ষমতায় গেলে শিক্ষা কমিশন গঠন করব।
শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মহাসচিব জাকির হোসেনের সঞ্চালনায় শিক্ষক সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিভিন্ন জেলার শিক্ষকরা।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন প্রমুখ।