সার্বিয়ায় সংসদে সরকারের বিরুদ্ধে বিরোধী দলের এমপিদের সঙ্গে তীব্র হট্টগোল হয়েছে আজ (০৪ মার্চ)। এ সময় বিরোধী এমপিরা সরকারি এমপিদের লক্ষ্য করে ধোঁয়ার গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে মারে। এতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে এবং এক এমপি স্ট্রোক করে মারা যান।
গত চার মাস ধরে সার্বিয়ায় শিক্ষার্থীরা ব্যাপক আন্দোলন করে আসছেন। এই আন্দোলনে যোগ দিয়েছেন কৃষক, মজুর ও সাধারণ জনগণ। মঙ্গলবার (৪ মার্চ) তাদের পক্ষ থেকে সংসদে ধোঁয়ার গ্রেনেড নিক্ষেপ করা হয়।
গত বছর সার্বিয়ার নোভি সাদে রেলস্টেশন ধসে ১৫ জন নিহত হওয়ার পর থেকেই সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন শুরু হয়। এরপর প্রধানমন্ত্রী মিলোসি ভুকেভিক পদত্যাগ করতে বাধ্য হন, তবে আন্দোলন থামেনি। বর্তমানে, প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুকিচের প্রায় এক দশকের শাসন সংকটে রয়েছে।

এদিন সংসদে প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করার জন্য ক্ষমতাসীন দল সার্বিয়ান প্রোগ্রেসিভ পার্টি (এসএনএস) তাদের এজেন্ডা উপস্থাপন করে। তবে এই এজেন্ডায় বিরোধী দল ক্ষুব্ধ হয়ে উঠে এবং স্পিকারকে লক্ষ্য করে ছুটে যান, এরপর সংসদের নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। অন্য একটি অংশ সংসদে ধোঁয়ার গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
এই পরিস্থিতির মধ্যে সংসদের ভেতর গোলাপি ও কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায়, যা টিভিতে সরাসরি সম্প্রচারিত হয়।
রয়টার্স জানায়, সংসদে বিশ্ববিদ্যালয়ের খরচ বৃদ্ধি সংক্রান্ত আইন পাস করা এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ নিশ্চিত করার কথা ছিল, তবে বিরোধী দল এই বিষয়গুলো নিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে।