Home » নির্বাচন ও সংস্কারের ‘রোডম্যাপ’ দরকার

নির্বাচন ও সংস্কারের ‘রোডম্যাপ’ দরকার

যমুনা থেকে বেরিয়ে জামায়াত আমিরের বক্তব্য

0 comments 82 views
A+A-
Reset
নির্বাচন ও সংস্কারের ‘রোডম্যাপ’ দরকার: যমুনা থেকে বেরিয়ে জামায়াত আমিরের বক্তব্য

নির্বাচন এবং কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। শনিবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঢাকার বসুন্ধরায় যমুনা বাসভবনে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, “নির্বাচন কবে হবে, সেটা জনগণকে স্পষ্টভাবে জানানো প্রয়োজন। ঘোষণা অনুযায়ী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হওয়ার কথা বলা হলেও এখনো কোনো নির্দিষ্ট সময়সূচি নেই। জনগণের বড় ধরনের দুর্ভোগ এড়াতে একটি স্বস্তিজনক সময় নির্ধারণ করতে হবে।”

তিনি মনে করেন, শুধুমাত্র নির্বাচন নয়, নির্বাচনপূর্ব সংস্কার প্রক্রিয়ারও একটি পরিষ্কার রোডম্যাপ থাকা জরুরি। “সংস্কার ও বিচার যদি নির্বাচনের আগে দৃশ্যমান না হয়, তবে সেই নির্বাচন জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না,” বলেন তিনি।

ড. শফিকুর রহমান আরও বলেন, “বর্তমান সরকার মাত্র পাঁচটি সংস্কারে কাজ শুরু করেছে। সেগুলোকে সন্তোষজনকভাবে নিষ্পন্ন করতে হবে। এই সরকার সব সংস্কার একা করতে পারবে না—এ বাস্তবতা আমাদের মানতে হবে। সকলের অংশগ্রহণে অর্থবহ সংস্কার সম্ভব, আর অর্থবহ সংস্কার হলে তবেই অর্থবহ নির্বাচন সম্ভব।”

May be an image of 6 people, the Oval Office, dais and text

সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক অস্থিরতা কিছুটা প্রশমিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা চাই স্থায়ী স্থিতিশীলতা। তাই সংস্কার ও নির্বাচন—এই দুটি রোডম্যাপ একযোগে ঘোষণা করা হলে অনেক সমস্যার সমাধান সম্ভব।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, তারা কোনো উপদেষ্টার পদত্যাগ চাননি।

বৈঠকে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com