বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “কিছু আসন বেশি পাওয়ার লোভে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে কেউ সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন চাইলে তা জাতীয় জীবনে ভয়াবহ পরিণতি বয়ে আনবে।”
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন,
“প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত করা একটি পরীক্ষিত ও কার্যকর পদ্ধতি। এর বাইরে গিয়ে যদি রাজনৈতিক স্বার্থে অথবা কিছু আসনের লোভে পিআর পদ্ধতির দাবি তোলা হয়, তাহলে জাতীয় ঐক্য নষ্ট হবে এবং পতিত স্বৈরাচার আবারও সুযোগ নেবে।”
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “ঐকমত্য কমিশনের প্রস্তাবিত সূচিতে নিম্নকক্ষে পিআর পদ্ধতির কোনো উল্লেখ নেই। তবুও কেউ যদি রাজনৈতিক উদ্দেশ্যে আন্দোলনে নামে, বিএনপি রাজনৈতিকভাবেই তার মোকাবিলা করবে।”
তিনি মনে করেন, সঠিক সময়ে নির্বাচনের মাধ্যমে স্থিতিশীল সরকার গঠন করতে ব্যর্থ হলে শুধু জাতীয় নিরাপত্তাই নয়, আঞ্চলিক নিরাপত্তাও হুমকির মুখে পড়বে।
বিএনপির এই শীর্ষ নেতা জানান, বৈধ প্রক্রিয়ায় সংসদের মাধ্যমে সংবিধান সংশোধনের উদ্যোগকে বিএনপি সমর্থন করবে। তবে এমন কোনো প্রক্রিয়া তারা সমর্থন করবে না, যা ভবিষ্যতে দেশে অরাজকতা সৃষ্টি করবে। আলোচনার টেবিলেই যেকোনো সমস্যার সমাধান সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।