চট্টগ্রামের ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকায় এইচএসসি পরীক্ষার্থী নাফিসা নাওয়ালকে (১৯) বেপরোয়া গতিতে ক্রেন দিয়ে চাপা দিয়ে নিহতের ঘটনায় ঘাতক ক্রেন চালক শামীম বিশ্বাসকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ইপিজেড থানার ফ্রি পোর্ট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২২ আগস্ট সকাল ৮:৪৫ টায় চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ও ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী নাফিসা নাওয়াল বাসা থেকে ‘পাঠাও’ মোটরসাইকেলযোগে (চট্ট মেট্রো-হ-২১-৬৫৬৪) পরীক্ষা কেন্দ্র হাজী মোহাম্মদ মহসীন কলেজে যাচ্ছিলেন। পথে এয়ারপোর্ট টু সল্টগোলা ক্রসিং সড়কের দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের বিপরীতে পৌঁছালে বিপরীতমুখী একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান নাফিসা।
ঠিক তখনই পেছন থেকে আসা ‘ম্যাক্স’ কোম্পানির একটি ক্রেন (রেজিঃ নং-ACM ৯৪৯) বেপরোয়া গতিতে এসে রাস্তায় পড়ে থাকা নাফিসাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর জখম হন। পরবর্তীতে স্থানীয় লোকজন ও চট্টগ্রাম মেডিকেল কলেজের ইন্টার্ন ডাক্তার মারিয়া তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাফিসাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহত নাফিসা নাওয়ালের বাবা মামুন (৪৬) বাদী হয়ে ইপিজেড থানায় সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৯৮/১০৫ ধারায় একটি মামলা (মামলা নং-১০) দায়ের করেন।
ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা এসআই হেফাজ উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে ২৩ আগস্ট রাতে ফ্রি পোর্ট এলাকায় অভিযান চালিয়ে ঘাতক চালক শামীম বিশ্বাসকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।