নগরীর বন্দর-ইপিজেড-পতেঙ্গাস্থ ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির উদ্যোগে ‘ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩’ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকালে ইপিজেডের একটি স্থানীয় রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।
ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সভাপতি ডাঃ মোঃ শফিউল বাশারের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মোঃ রহিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম আগ্রাবাদ ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মাখনুওন তাবাসসুম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ডাঃ এ কে এম শহীদ।

প্রধান অতিথির বক্তব্যে মাখনুওন তাবাসসুম বলেন,
“হোমিও চিকিৎসা সেবায় অবশ্যই ড্রাগ লাইসেন্সসহ সরকারের প্রয়োজনীয় সকল বৈধ কাগজপত্র দৃশ্যমান স্থানে থাকতে হবে।”
তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, চিকিৎসাসেবা ও ফার্মেসীতে কোনো প্রকার মেয়াদোত্তীর্ণ ওষুধ বা বেআইনি পণ্য রাখা হলে জরিমানা, মামলা ও জেলসহ কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। তবে তিনি নিবন্ধিত হোমিওপ্যাথিক চিকিৎসক ও ওষুধ ফার্মেসীর ক্ষেত্রে লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া সহজীকরণের আশ্বাস দেন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সদস্য মোঃ নাজিম উদ্দিন চৌধুরী, ডাঃ মোঃ নবাব হোসেন পাঠান, সিনিয়র সহ-সভাপতি ডাঃ মোঃ শামীম সিকদার, সহ-সভাপতি ডাঃ সানু দাশ, ডাঃ এন. এ. দাশ অসীম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাঃ মোঃ হাফিজুর রহমান, চিকিৎসা বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, প্রবীণ চিকিৎসক ক্বারী মাওঃ আব্দুল বারী, সাংগঠনিক সম্পাদক ডাঃ সহদেব চন্দ্রশীল, দপ্তর সম্পাদক ফারজানা ইয়াসমিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে পেশাগত দায়িত্ব ও হোমিওপ্যাথিক চিকিৎসা পেশার স্বার্থে ৫ দফা দাবি সংবলিত একটি প্রস্তাবপত্র প্রধান অতিথির কাছে হস্তান্তর করা হয়। এছাড়া ঔষধ প্রশাসনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সহকারী পরিচালক মাখনুওন তাবাসসুমকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।