চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর থানা পুলিশ আলোচিত জসিম উদ্দিন হত্যা মামলার মূলহোতা নেজাম উদ্দিন দিপু (২৫) ও তার সহযোগী সিয়াম (২৫)-কে গ্রেফতার করেছে।
আজ ১৯ ডিসেম্বর ২০২৪ খ্রি. দুপুর ২:৩০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে নেজাম উদ্দিন দিপুকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বন্দর থানাধীন চান্দারপাড়া এলাকা থেকে সিয়ামকে গ্রেফতার করে পুলিশ।
চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন আনন্দবাজার চান্দারপাড়া সিটি কর্পোরেশনের ময়লার ডিপোতে ডাম্পিংকৃত বর্জ্য-বাণিজ্যের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সম্প্রতি বিরোধ শুরু হয়। এই বিরোধের জেরে গত ১৭ ডিসেম্বর রাত আনুমানিক ৮:২০টায় টিজি কলোনি এলাকায় জসিম উদ্দিনের ওপর হামলা চালানো হয়।
হামলার সময় মূলহোতা নেজাম উদ্দিন দিপু ছুরি দিয়ে জসিম উদ্দিনের গলায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় জসিমকে হাসপাতালে নেওয়া হলেও পরদিন ১৮ ডিসেম্বর ভোর ৬:০০টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত অন্যান্য সহযোগীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।